রাজধানীর উত্তরায় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডে অন্তত তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয় এবং ৭টা ৫৮ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর সকাল ১০টার মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
তালহা বিন জসিম আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ভবনটি থেকে আরও ১৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
রিপোর্টারের নাম 















