ঢাকা কলেজে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে সারাদেশের সব সরকারি কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এই কর্মসূচির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব সরকারি-বেসরকারি কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনভর কলেজগুলোতে এই কর্মসূচি চলবে।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সোমবার (১৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায়।
সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খানের সই করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আজ ঢাকাসহ দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা সর্বাত্মকভাবে কর্মবিরতি পালন করবেন। এই কর্মসূচি সফল করার জন্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সব কর্মকর্তাকে আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা শিক্ষাঙ্গনে ভয় ও অস্থিরতা সৃষ্টি করে, যা দেশের শিক্ষাব্যবস্থার জন্যও ক্ষতিকর।
এর আগে, সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ সময় শিক্ষকদের লক্ষ্য করে একজন শিক্ষার্থী ‘দালাল’ মন্তব্য করলে শিক্ষকরা তাকে কমনরুমে আটকে রাখেন। পরে তার সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে মুক্ত করে আনেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি হয়।
রিপোর্টারের নাম 

























