জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে অধ্যাপক ড. মো. শামছুল আলমের নিয়োগের পর তিনি ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. বি. এম. আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সংবিধির ৮(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক শরিফুল হুদা দেশের ভূগোল, পরিবেশ ও জিআইএস অঙ্গনের একজন সুপরিচিত গবেষক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, পিএইচডি এবং পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। জিআইএস, রিমোট সেন্সিং, পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, বনসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র।
১৯৯৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করা অধ্যাপক শরিফুল হুদা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। তিনি ‘দ্য ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন, বাংলাদেশ’-এর জাতীয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে এর নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ২০১৫ সালে আন্তর্জাতিক স্বীকৃতি-প্রাপ্ত জাতীয় অ্যাওয়ার্ড অথরিটির মর্যাদা অর্জন করে। গবেষণা ক্ষেত্রে অধ্যাপক শরিফুল হুদার অবদানও উল্লেখযোগ্য। পানি ও পরিবেশ ব্যবস্থাপনা, নগর দূষণ, বনভূমির পরিবর্তন, নদী ও জলাশয় পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে তাঁর ৮০টির বেশি গবেষণা প্রবন্ধ, গ্রন্থ ও বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে।
রিপোর্টারের নাম 



















