ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৯ অক্টোবর। ওইদিন দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে এবং চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ভর্তি পরীক্ষার সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে। সময়সূচি অনুযায়ী প্রথমে আইবিএ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা ১৩ ডিসেম্বর; বিজ্ঞান অনুষদের পরীক্ষা ২০ ডিসেম্বর; ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা ৬ ডিসেম্বর; এবং চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আইবিএ অনুষদ ছাড়া সব অনুষদের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুধুমাত্র আইবিএ অনুষদের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেওয়া হবে।
এছাড়া, চারুকলা ও আইবিএ অনুষদ ব্যতীত অন্য তিনটি অনুষদের পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কবি নজরুল বিশ্ববিদ্যালয় (ত্রিশাল) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় সিদ্ধান্ত হয়েছে যে, চারুকলা অনুষদ ছাড়া অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহু-নির্বাচনী (MCQ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। কেবল চারুকলা অনুষদের পরীক্ষায় ৪০ নম্বরের MCQ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। চারুকলা অনুষদের MCQ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় বরাদ্দ থাকবে। অন্যান্য অনুষদের ক্ষেত্রে MCQ ও লিখিত উভয় পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফলের জন্য ১০০ নম্বর এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।
আবেদনকারীদের ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে মাধ্যমিক/সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) বিজ্ঞান অনুষদের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০; ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০; এবং চারুকলা অনুষদের জন্য যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিভিন্ন অনুষদের ডিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 

























