স্মার্টফোনের স্টোরেজ সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। চ্যানেলে আসা বিপুল পরিমাণ ছবি, ভিডিও এবং ভয়েস নোটের কারণে ফোনের মেমোরি দ্রুত পূর্ণ হয়ে যাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি দিতে ‘স্টোরেজ ক্লিনআপ’ নামক একটি নতুন টুল নিয়ে কাজ করছে মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিটি ফাইল আলাদাভাবে না খুঁজে বরং এক ক্লিকেই অপ্রয়োজনীয় মিডিয়া ফাইলগুলো মুছে ফেলতে পারবেন। বর্তমানে অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণে এই ফিচারটির পরীক্ষা চালানো হচ্ছে। ধাপে ধাপে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
এই টুলের বিশেষত্ব হলো, ব্যবহারকারীরা চ্যানেলের ইনফরমেশন পেজ থেকেই দেখতে পাবেন কোন চ্যানেল কতটুকু স্টোরেজ দখল করে আছে। এ ছাড়া ছবি, ভিডিও বা স্টিকার আলাদা ক্যাটাগরিতে দেখে মুছে ফেলার সুযোগ থাকবে। তবে ব্যবহারকারীর ‘স্টার’ করে রাখা গুরুত্বপূর্ণ বার্তা বা ফাইলগুলো এই প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না, যা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে।
রিপোর্টারের নাম 

























