রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বাসভবনের টিভি রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়ায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান আহত হয়েছেন।
খবর পেয়ে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই বাসার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে, ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়লে হাইকমিশনার ও তার স্ত্রীকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত এবং চিকিৎসক ডা. আমিনা সুলতানার তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
রিপোর্টারের নাম 



















