বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার দাবি করেছেন, ২০২৪ সালের দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি রচনা করেছিলেন দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও মন্তব্য করেন, সেসময় নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভাতের হোটেলে’ গিয়ে দেশ ও জাতির সঙ্গে গাদ্দারি করেছিল।
বুধবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিপ্লবী ছাত্র-জনতার রক্তস্নাত দ্বিতীয় বর্ষপূর্তি এবং ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পৌর শহরে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। পরে বাসস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আলাউদ্দিন সরকার বলেন, ‘কতিপয় এনসিপি নেতা আপত্তিকর ও বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের কুৎসিত আক্রমণ রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার পরিপন্থী।’ তিনি আরও বলেন, ‘চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নাহিদ-হাসনাতরা সাবেক আওয়ামী লীগ সরকারের গোয়েন্দা সংস্থার হোটেলে ভাত খেয়ে দেশ ও জাতির সঙ্গে গাদ্দারি করেছিল। তারা আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছিল। ৫ আগস্ট ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের সেই ভাতের হোটেল বন্ধ হওয়ার দিন।’
তিনি আরও বলেন, ‘এনসিপি নেতারা বর্তমানে খালি কলসি বাজাচ্ছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তাঁর পরিবারকে নিয়ে অশ্রাব্য ভাষায় গুরুতর কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ করছে। জনগণের সঙ্গে নিয়ে তাদের অপতৎপরতা রুখে দেওয়া হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার প্রসঙ্গ টেনে আলাউদ্দিন সরকার বলেন, ‘গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি একদিনে তৈরি হয়নি। নির্বাসিত থেকেও সক্রিয় ছিলেন তারেক রহমান। তিনিই সেই পটভূমি রচনার প্রধান নায়ক।’
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা এবং এনামুল হক বাচ্চু।
রিপোর্টারের নাম 























