বাংলাদেশের ইতিহাসের বাঁক ঘোরানো জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত ৫ আগস্ট, ২০২৬ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)-এর সহযোগিতায় আয়োজিত এই কনসার্টে হাজারো দর্শক-শ্রোতা বৃষ্টি উপেক্ষা করেও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা এই আয়োজনে সভাপতিত্ব করেন।
জুলাই যোদ্ধাদের স্মরণে শিল্পী এস এম আব্দুল্লাহ ফারাবীর ‘বাংলাদেশের বুকে জুলাই থাকবে জেগে’ পরিবেশনার মধ্য দিয়ে কনসার্টের সূচনা হয়। এরপর শিল্পী খালেদ মুন্না পরিবেশন করেন ‘আগুন রঙের জুলাই পেরিয়ে’। ব্যান্ডদল রেবেল’স তাদের নিজস্ব জাতিগোষ্ঠীর ভাষায় গান গেয়ে দর্শকদের মুগ্ধ করে। ব্যান্ড লালন পরিবেশন করে ‘জাত গেল জাত গেল’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘ক্ষাপারে’, ‘পাগল ছাড়া’সহ তাদের জনপ্রিয় গানগুলো। ব্যান্ড এএসইআইএস দুটি নজরুলসংগীতসহ তাদের নিজস্ব পরিবেশনা উপস্থাপন করে।
এরপর ব্যান্ডদল হাইওয়ে তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে। কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ ও ডিফারেন্ট টাচ সুরের মূর্ছনায় মাতিয়ে তোলে শ্রোতাদের। ব্যান্ডশিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়ে দর্শক-শ্রোতারাও তাদের সাথে গান গেয়ে ও নেচে উৎসবে অংশ নেন।
এই কনসার্টে জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রিক গানের প্রতিযোগিতা ‘তোমার গানে জাগবে জুলাই’ এর বিজয়ী ২০ জনকে সম্মাননা জানানো হয়। ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী এবং বিশেষ পুরস্কারপ্রাপ্ত ১৭ জন বিজয়ীর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও অর্থমূল্যের চেক তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন আব্দুল্লাহ্ আল ফারাবী, ২য় স্থান অর্জন করেন মহসিন আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন ড. মো. হাফিজুর রহমান। তাদের যথাক্রমে ১,০০,০০০, ৭৫,০০০, ও ৫০,০০০ টাকা এবং বিশেষ পুরস্কারপ্রাপ্তদের ২০,০০০ টাকা অর্থমূল্যের চেক প্রদান করা হয়।
রিপোর্টারের নাম 



















