রাজধানীর খিলক্ষেতে একটি হায়েছ মাইক্রোবাসসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শুক্কুর আলী (৫০) ও মো. আহাদ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ২ নম্বর সেক্টরের একটি রিসোর্টে দুটি হায়েছ গাড়িতে করে আসা ১৮-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি সংঘটিত করে। ঘটনার খবর পেয়ে খিলক্ষেত থানা পুলিশের একটি দল ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে অবস্থান নেয়। রাত ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা অভিমুখী একটি হায়েছ গাড়ি থামিয়ে তল্লাশি চালালে ওই দুই সদস্যকে আটক করা হয়।
পরবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশ খিলক্ষেত থানায় এসে গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত গাড়িটি তাদের এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে শনাক্ত করে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের ও উদ্ধারকৃত গাড়িটি রূপগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 























