মেটা ব্যবহারকারীদের দীর্ঘদিনের স্টোরেজ সংকট কমাতে নতুন ‘স্টোরেজ ক্লিনআপ’ টুল নিয়ে কাজ করছে। নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জমে থাকা ছবি, ভিডিও, ভয়েস নোটসহ অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল মাত্র কয়েকটি ক্লিকেই মুছে ফেলা যাবে, ফলে স্মার্টফোনের মূল্যবান স্টোরেজ খালি রাখা আরও সহজ হবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ডিজিটালট্রেন্ডস-এর তথ্য অনুযায়ী, বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে প্রতিদিন ডাউনলোড হওয়া মিডিয়া ফাইল অনেক সময় ব্যবহারকারীর অজান্তেই ফোনের উল্লেখযোগ্য অংশ দখল করে নেয়। নতুন টুলটি সেই সমস্যার কার্যকর সমাধান দেবে।
কয়েক মাসের পরীক্ষামূলক কার্যক্রম শেষে অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হয়েছে। ধাপে ধাপে আরও বেশি বিটা ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে দেওয়া হবে।
বর্তমানে স্টোরেজ সেটিংস থেকে মিডিয়া ফাইল মুছে ফেলার সুযোগ থাকলেও প্রতিটি ফাইল আলাদাভাবে নির্বাচন করতে হওয়ায় প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। নতুন টুলে সেই ঝামেলা কমিয়ে দুটি ভিন্ন উপায়ে মিডিয়া পরিষ্কার করার সুবিধা যুক্ত করা হয়েছে। একটি পদ্ধতিতে নির্দিষ্ট চ্যানেলের ইনফরমেশন পেজ থেকেই দেখা যাবে, চ্যানেলটি কতটুকু স্টোরেজ ব্যবহার করছে। পাশাপাশি ছবি, ভিডিও, স্টিকার ও ভয়েস নোট আলাদা ক্যাটাগরিতে দেখিয়ে প্রয়োজনীয় ফাইল রেখে বাকিগুলো সহজেই মুছে ফেলা যাবে। এ সময় স্টার করা বার্তা বা গুরুত্বপূর্ণ ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না।
এছাড়া যারা একাধিক হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করেন, তাদের জন্য Updates ট্যাব থেকে এক বা একাধিক চ্যানেল নির্বাচন করে Clear Media Files অপশন ব্যবহার করার সুযোগ থাকবে। এতে প্রতিটি চ্যানেলে আলাদাভাবে প্রবেশ না করেই একসঙ্গে একাধিক চ্যানেলের জমে থাকা মিডিয়া ফাইল মুছে ফেলা সম্ভব হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ছোট পরিবর্তন মনে হলেও নিয়মিত হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহারকারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সংযোজন। কারণ প্রতিদিন জমতে থাকা বিপুল পরিমাণ ছবি ও ভিডিও সময়ের সঙ্গে গিগাবাইট পরিমাণ স্টোরেজ দখল করে নেয়, যা অনেক ব্যবহারকারী টেরই পান না।
বর্তমানে ফিচারটি কেবল অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণের নির্বাচিত পরীক্ষকদের জন্য উন্মুক্ত। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য মূল হোয়াটসঅ্যাপ অ্যাপে এটি কবে যুক্ত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রিপোর্টারের নাম 

























