বাংলাদেশ সাংহাই-ভিত্তিক ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশনে (ওয়াইকো) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ওয়াইকো একটি আন্তঃসরকারি সংস্থা, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চীন কর্তৃক গঠিত হয়েছে। এই জোটের লক্ষ্য হলো উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গভীর করা, বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করা এবং এআই প্রযুক্তির বিকাশের জন্য একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা।
সংস্থাটি এআই প্রযুক্তি যাতে মানুষের জন্য নিরাপদ ও উপকারী হয়, সেই লক্ষ্যে এআই-সংক্রান্ত প্রবিধান উন্নয়নে কাজ করবে। ওয়াইকোর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ২৯টি দেশ যোগ দিয়েছে, যার মধ্যে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তানসহ গ্লোবাল সাউথের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে।
রিপোর্টারের নাম 























