দেশে নারীদের বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন নিপীড়ন এবং হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এসব গুরুতর অপরাধের ঘটনায় মামলা হলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে, ফলে নারীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, দিনাজপুরের বিরলে বিবাহবিচ্ছেদের জেরে এক সাবেক স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে বিরল থানা পুলিশ আটক করেছে। শনিবার রাতে বিরল উপজেলার সাত নাম্বার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার শ্যামলী ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। শনিবার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করে শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং অভিযুক্ত মাহবুবুর রহমান পালিয়ে যায়। পরে শ্যামলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিরল থানার ওসি আল এমরান জানিয়েছেন, হামলাকারীকে আটক করা হয়েছে এবং নিহতের বড় ভাই থানায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, নরসিংদীতে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী নূর আলম রূপাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। গত ৩০ জুলাই নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ আলী আহসান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত নূর আলম রূপা পলাশ উপজেলার বাসিন্দা।
গাজীপুরের কাপাসিয়া প্রতিনিধি জানিয়েছেন, উপজেলার বেলাশী গ্রামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী হুমায়ূনকে গ্রেপ্তার করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























