জার্মানির একটি আদালত রায় দিয়েছে যে, ইসরাইলকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা করা কোনো ফৌজদারি অপরাধ নয়। আইনিবিষয়ক ওয়েবসাইট বেক অনলাইন এই তথ্য জানিয়েছে।
ঘটনাটি ঘটে যখন সামাজিক মাধ্যমে একজন ব্যবহারকারী তার ইনস্টাগ্রাম পোস্টে ইসরাইলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনামলের সঙ্গে তুলনা করেন এবং নাৎসিদের ব্যবহৃত স্বস্তিকা চিহ্ন ও তাদের দলের পতাকা ব্যবহার করেন।
জার্মানির দক্ষিণ-পশ্চিমের শহর জুইব্রুকেমের একটি উচ্চ আঞ্চলিক আদালত রায়ে জানায়, ওই ব্যক্তির বাকস্বাধীনতার অধিকার রয়েছে। বাকস্বাধীনতাকে অগ্রাধিকারে দিয়ে তাকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। আদালতের মতে, অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধটি এক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ সংশ্লিষ্ট ব্যক্তি ইসরাইল রাষ্ট্রের গৃহীত পদক্ষেপগুলোর তীব্র সমালোচনা করতে গিয়ে ওই প্রতীকগুলো ব্যবহার করেছেন।
অভিযুক্ত নারী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি টেবিল পোস্ট করেছিলেন যেখানে নাৎসিদের অপরাধের সঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরাইলের কর্মকাণ্ডের তুলনা করা হয়। ছবিতে ইসরাইলের পতাকা এবং আংশিক দৃশ্যমান স্বস্তিকা চিহ্নসহ নাৎসি পার্টির পতাকা জুড়ে দেওয়া হয়েছিল। অন্য একটি পোস্টে একটি দেয়ালচিত্র দেখা যায় যেখানে ডেভিড তারকার মাঝখানে একটি নাৎসি স্বস্তিকা চিহ্ন আঁকা ছিল এবং দেয়ালের ওপর থেকে সেনারা গুলি চালাচ্ছিল।
এর আগে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে লুদভিগসহাফেন শহরের একটি নিম্ন আদালত তাকে দুই হাজার চারশো ইউরো অর্থদণ্ডে দণ্ডিত করেছিল। তবে আপিলে জাইব্রুকেনের আদালত নিম্ন আদালতের নির্দেশটি বাতিল করেন।
রিপোর্টারের নাম 





















