ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, জনপ্রিয় কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
শুক্রবার (১০ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, “সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে দেশ এক আলোকবর্তিকা, এক সংস্কৃতিসাধক হারাল; আর শিক্ষা পরিবার হারালো এক অনুপ্রেরণাদায়ী শিক্ষক ও চিন্তানায়ককে।”
শোকবার্তায় শিক্ষা উপদেষ্টা আরও উল্লেখ করেন, “সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী—তিনি একাধারে ছিলেন গল্পকার, অনুবাদক, সমালোচক, সম্পাদক এবং একজন বিশিষ্ট চিন্তাবিদ। তাঁর লেখনী, প্রজ্ঞা এবং গভীর মানবিক মূল্যবোধ ছাত্রছাত্রী, পাঠক এবং সহকর্মীদের হৃদয়ে এক স্থায়ী ছাপ রেখে গেছে। সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিতে তাঁর অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না।”
শিক্ষা মন্ত্রণালয় এবং সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে শিক্ষা উপদেষ্টা বলেন, “তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
রিপোর্টারের নাম 

























