রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের চরম অবহেলায় ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত মোরসালিনের স্বজনরা অভিযোগ করেছেন, তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা সময়মতো কোনো চিকিৎসা প্রদান করেননি।
ভুক্তভোগী পরিবারের দাবি, গত শনিবার রাতে মোরসালিনকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর সে যন্ত্রণায় ছটফট করলেও ডিউটি রুমে থাকা চিকিৎসককে বারবার ডেকেও পাওয়া যায়নি। নার্সরা সহযোগিতা করার বদলে উল্টো স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরদিন সকালে চিকিৎসক এসে মোরসালিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির ফুপাতো ভাই বাদী হয়ে চিকিৎসক ও নার্সসহ চারজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তদন্তের জন্য জেলা সিভিল সার্জনের কাছে আবেদন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 

























