সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এক বিবৃতিতে এই হামলাকে বর্বরোচিত হিসেবে উল্লেখ করে আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, সোমবার রাতের ওই সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতি থাকা সত্ত্বেও এমন হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে ফুটিয়ে তোলে। জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বের ওপর এমন জিঘাংসা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
ইসলামী আন্দোলন অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সাথে নিরাপত্তা কর্মকর্তাদের অবহেলার বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















