বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হিসেবে ডা. এসএম মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বরিশালের চিকিৎসা অঙ্গন। মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ চিকিৎসক, নার্স ও কর্মচারীরা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে তার নিয়োগ বাতিলের দাবি জানান। একপর্যায়ে তারা পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ডা. মনিরুজ্জামান জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তৎকালীন সময়ে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক থাকাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের তালিকা বিভিন্ন তদন্ত সংস্থার কাছে পাঠিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। এমন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় সাধারণ জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
চিকিৎসক ও কর্মচারীরা সাফ জানিয়ে দিয়েছেন, অবিলম্বে এই নিয়োগ বাতিল করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। এর আগে ডা. মনিরুজ্জামান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রিপোর্টারের নাম 

























