বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’-এর সঙ্গে এবার আন্তর্জাতিকভাবে যুক্ত হলেন ভারতের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ। এখন থেকে সিনেমাটি ‘অনুরাগ কাশ্যপ নিবেদিত দেলুপি’ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হবে। মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত এই সিনেমাটি এর আগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনুরাগ কাশ্যপ সিনেমাটি দেখার পর এর নির্মাণশৈলী এবং ভিজ্যুয়াল ভাষা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। জনপ্রিয় প্ল্যাটফর্ম লেটারবক্স-এ দেওয়া এক রিভিউতে তিনি উল্লেখ করেন, ক্ষমতার রাজনীতি যে কতটা ক্ষুদ্র স্তরেও প্রভাব ফেলে, তা এই সিনেমায় নিখুঁতভাবে উঠে এসেছে। বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া একটি গ্রামের গল্পটি অত্যন্ত মানবিক বলে মন্তব্য করেন তিনি।
খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, নদীভাঙন এবং প্রান্তিক মানুষের সংগ্রামের চিত্র নিয়ে নির্মিত হয়েছে ‘দেলুপি’। অনুরাগ কাশ্যপের মতো বিশ্বখ্যাত নির্মাতার এই স্বীকৃতিকে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সিনেমাটি ইতিমধ্যে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ একাধিক সম্মানজনক আসরে প্রদর্শিত হয়েছে।
রিপোর্টারের নাম 
























