যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা ‘রোবোসাব-২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিশেষ প্রকল্প ‘পোসাইডন’স কোড’ প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার প্রশংসা করেন এবং তাদের প্রকল্পের খুঁটিনাটি বিষয়ে গভীর আগ্রহ নিয়ে আলোচনা করেন। তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনই হবে আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে শিক্ষার্থীদের এমন বৈশ্বিক অংশগ্রহণ অত্যন্ত গর্বের বিষয়।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ গ্রন্থটি উপহার হিসেবে তুলে দেন। এসময় সরকারের পক্ষ থেকে সৃজনশীল ও বিজ্ঞানভিত্তিক গবেষণায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৬ জুলাই ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম আন্ডারওয়াটার রোবোটিক্স দল হিসেবে তারা অংশ নিতে যাচ্ছে।
রিপোর্টারের নাম 





















