দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৯৬ জন ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
অধিদপ্তরের তথ্যমতে, জুলাই মাসের প্রথম সাত দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০২ জনে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এর আগে জুন মাসে ২ হাজার ৯০৭ জন আক্রান্ত হয়েছিলেন এবং প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে যথাক্রমে ১৯ ও ২৯ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ৭ জুলাই পর্যন্ত মোট ৭ হাজার ৩০৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬০ দশমিক ৭ শতাংশ এবং নারী ৩৯ দশমিক ৩ শতাংশ। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৯ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে, তাই সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























