বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের প্রধান কারণ হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এই দাবি পূরণ না হলে রাজনীতি চরম সংঘাতের দিকে ধাবিত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতদের সমর্থনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচি শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। জামায়াত নেতা জানান, তাঁরা স্পিকারকে দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে গণভোটের রায় বাস্তবায়নে আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সরকার যদি জনগণের প্রত্যাশা ও জুলাই বিপ্লবের শহীদদের রক্তের মর্যাদা না দেয়, তবে জনগণ রাজপথ ছাড়বে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে গণভোটের রায় বাস্তবায়নে আরেকটি বিপ্লব সংঘটিত হবে। ক্ষমতায় বসে জনগণের মতামত উপেক্ষা করার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, এই আন্দোলনের অংশ হিসেবে বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা রাজনৈতিক সংকট উত্তরণে তাঁদের বক্তব্য তুলে ধরবেন।
রিপোর্টারের নাম 





















