চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় বন্দর শুল্ক ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সদস্য ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার আব্দুল্লাহ আল মামুন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মবিনুর রহমান মিঞা তার বক্তব্যে বন্দরের উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বিগত সময়ে বন্দরের কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে শ্রমিক ইউনিট, আমদানিকারক এবং বন্দর সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সোনামসজিদ স্থলবন্দরকে দেশের অন্যতম শীর্ষ বন্দরে রূপান্তর করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি আবদুল আওয়াল, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মেসবাউল হক, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ বাবুল, দপ্তর সম্পাদক সিবা খান এবং সদস্য ফারুক হোসেন ও বায়েজিদ।
রিপোর্টারের নাম 

























