রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আমগাছ থেকে ইব্রাহিম (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেডিকেল মোড় এলাকার একটি আমগাছে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে গোদাগাড়ী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের সদস্যদের দাবি, ইব্রাহিম দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণেই তিনি এমন পথ বেছে নিতে পারেন বলে তাদের ধারণা।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























