আগামী ২০২৭ সালের মধ্যে দেশের সকল প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনার চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে সরকার। ২০২৮ সাল থেকে কোনো প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়া কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সম্প্রতি রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার একটি নির্দিষ্ট ‘ন্যূনতম মানদণ্ড’ বা মিনিমাম স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে যাচ্ছে। এর ফলে ইংরেজি মাধ্যমের স্কুলে বাংলা পাঠদান এবং বাংলা মাধ্যমের স্কুলে ইংরেজি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হবে। নির্ধারিত এই মান বজায় রাখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোচিং বাণিজ্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন শ্রেণিকক্ষেই পূর্ণাঙ্গ শিক্ষা পায় তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে স্কুল চলাকালীন অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।
শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষে প্রতিটি শ্রেণিকক্ষকে ‘স্মার্ট ক্লাসরুম’-এ রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর ফলে আলাদা আইটি ল্যাবের প্রয়োজনীয়তা কমে আসবে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপনের ওপর জোর দেন তিনি এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। নিবন্ধন সংক্রান্ত যেকোনো জটিলতায় শিক্ষকদের সরাসরি শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়কে অবহিত করারও পরামর্শ দেওয়া হয়।
রিপোর্টারের নাম 





















