রাজবাড়ী কোর্টের সাব-ইন্সপেক্টর (সিএসআই) ইস্রাফিল হোসেনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার এই ভিডিওটি ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দারোগা ইস্রাফিল হোসেন একটি ফাইল স্বাক্ষর করার সময় জনৈক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন এবং তা পকেটে রেখে তাকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এই দৃশ্য মুহূর্তেই সমালোচনার ঝড় তোলে।
অভিযুক্ত সিএসআই ইস্রাফিল হোসেন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে অর্থ লেনদেনের বিষয়টি এড়িয়ে যান। তবে তিনি বলেন, কাজ করতে গেলে অনেকের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে এবং কিছু অ্যাডভোকেট ‘ব্যাড ইনটেনশনে’ ভিডিওটি করিয়েছেন।
রাজবাড়ী আদালতের কয়েকজন সিনিয়র আইনজীবী অভিযোগ করেছেন, সিএসআই ইস্রাফিল জামিনপ্রাপ্ত আসামিদের জেলখানা থেকে মুক্ত করতে বা আদালতে হাজির করানোর জন্য স্বাক্ষর বাবদ নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দিলে ফাইল আটকে রেখে আসামিদের মুক্তিতে বিলম্ব ঘটান। তার বিরুদ্ধে এমন অনেক অভিযোগ রয়েছে বলে আইনজীবীরা জানান।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শামসুল হক জানান, সাব-ইন্সপেক্টর ইস্রাফিলকে নিয়ে ভিডিও ভাইরাল হওয়ায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তারা বিব্রত। এ কারণে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং পরবর্তীকালে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 























