চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার বিকেলে দীর্ঘ সময় অনুসন্ধানের পর নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত দুই শিক্ষার্থী হলো—সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজীপাড়ার রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার রাসেল (১৭)। তারা উভয়েই স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলীমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতের টানে তলিয়ে যায় রিফাত ও রাসেল। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, সন্ধ্যা ৬টার দিকে রিফাত এবং সোয়া ৬টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, জেলার মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে সাকিরুল ইসলাম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সাকিরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুর গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























