কক্সবাজারের টেকনাফে অপহৃত হওয়ার আট দিন পর ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পল্লি চিকিৎসক কামাল উদ্দিন ওরফে বিএ কামাল (৬৫)। বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয়েছিল। স্থানীয় ইউপি সদস্য এবং চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ জুন দুপুরে একদল সশস্ত্র ডাকাত কামালের বাড়িতে হানা দেয়। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গহিন পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ আট দিন নিখোঁজ থাকার পর অবশেষে জমি বন্ধক রেখে মুক্তিপণের টাকা জোগাড় করে তাকে ছাড়িয়ে আনা হয়েছে। বাড়ি ফিরে আসার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এই প্রবীণ চিকিৎসক।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পল্লি চিকিৎসকের ফিরে আসার খবর তারা পেয়েছেন। তবে মুক্তিপণ দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। উল্লেখ্য, টেকনাফে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ইদানীং আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা স্থানীয় কৃষক, শিক্ষক ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করছে।
রিপোর্টারের নাম 

























