চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে আরিফুল ইসলাম (৩১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি প্রাণ হারান। নিহত আরিফুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নীলের কুটি গ্রামের খয়বর আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ওই যুবক উথলী রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে তার শরীর থেকে একাধিক অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়।
খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উথলী রেলস্টেশনের মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি প্ল্যাটফর্ম ত্যাগ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























