সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম এবং ৫০০ শয্যার হাসপাতালের সেবা দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তিগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত হাসপাতালটি সচল করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ফসল এই সুনামগঞ্জ মেডিকেল কলেজ। হাসপাতালের বিশাল অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়ে এক বছর পার হলেও এখনো তা চালু করা হয়নি। এর ফলে জেলার সাধারণ মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা গ্রহণ করতে পারছেন না। সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও কেবল জনবল ও লজিস্টিক সাপোর্টের অভাবে এই স্থবিরতা মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও উল্লেখ করেন, হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প অবহেলায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে পূর্ণাঙ্গ একাডেমিক ক্লাস শুরু এবং হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা চালুর জন্য তারা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আয়োজকরা।
রিপোর্টারের নাম 

























