চাঁদপুরের মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে উপজেলার বেলতলী নয়াকান্দি এলাকায় রাসেল দেওয়ানের মুরগির খামারের পাশের একটি ঝোপ থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। টহল চলাকালে ঝোপের মধ্যে একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখে তারা তল্লাশি চালায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি খুলে দুটি দেশীয় শর্টগান ও তাজা গুলি পাওয়া যায়।
র্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানিয়েছেন, অস্ত্রগুলো জমা পাওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়া শুরু হবে।
রিপোর্টারের নাম 

























