ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্রদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানকে নিয়ে যেকোনো ভুল সিদ্ধান্তের পরিণতি হবে ভয়াবহ। যেকোনো হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার জন্য তেহরান সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জানান।
সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে দেওয়া এক বার্তায় জেনারেল আবদুল্লাহি উল্লেখ করেন, খামেনির নেতৃত্বে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়ন, বৈজ্ঞানিক অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা জোরদারের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও দাবি করেন, আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও ইরানের শত্রুরা অতীতে দেশটির বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং অপমানিত হয়েছে।
মেজর জেনারেল আবদুল্লাহি দেশবাসীকে জানাজার অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে জাতীয় ঐক্য বিশ্বের সামনে তুলে ধরা যাবে। তিনি জোর দেন যে, সাবেক নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তার দেখানো পথ অনুসরণ করতে হবে।
আবদুল্লাহি পুনর্ব্যক্ত করেন যে, ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। একইসঙ্গে তিনি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 






















