রাজবাড়ী জেলার কালুখালীতে কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খাগজানা মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপচালক প্রাণ হারান।
খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।
পাংশা হাইওয়ে থানার এসআই মো. সাজ্জাত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। পাংশা হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম মিদুল (২৫), তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার সরকারকারী গ্রামের আব্দুল মতিনের ছেলে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























