বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. সোহেলউদ্দিন প্রিন্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভার আদালত বুধবার এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ জুন একই আদালত সোহেলের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ গঠন করেন। এদিন মামলার বাদী, সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী আসামির জামিন বাতিলের আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, সোহেল ২০২৪ সালের ১৯ আগস্ট বাদীর সঙ্গে আপোষের শর্তে জামিন পেয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো আপোষ মীমাংসা করেননি।
আসামিপক্ষে সোহেলের আইনজীবী আবুল কালাম খান আদালতে দাবি করেন, সোহেল বাদীর কোনো অর্থ আত্মসাৎ করেননি এবং বাদী মিথ্যা অভিযোগে তাকে হয়রানি করছেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সোহেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২২ সালের ২৩ নভেম্বর অভিযুক্ত সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী। মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালে বাদী ও সোহেলউদ্দিন প্রিন্স উভয়েই ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহেলউদ্দিন বাদীকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং এই সুবাদে বিভিন্ন সময়ে নানা অজুহাতে তার কাছ থেকে ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন। পরবর্তীতে তিনি বাদীকে বিয়ে করেননি এবং টাকাও ফেরত দেননি। এই মামলা ছাড়াও, সোহেলের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা যৌতুকের আরেকটি মামলা বিচারাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























