টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার পুরাতন থানা ভবনের সামনে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় সাদিয়া (১৭) নামের এক স্কুলছাত্রী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। নিহত সাদিয়া ধনবাড়ী শাহীন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এবং পৌর এলাকার নিজবর্নী গ্রামের মো. সাইদ বকলের মেয়ে।
রবিবার (২৮) আনুমানিক ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্কুলছাত্রী সাদিয়া প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ির পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ২০-১৫৪৬) তাকে চাপা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের নিচে চাপা পড়ে সাদিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পিকআপ চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন থানা ভবন থেকে শুরু করে মহাসড়কের দুই পাশের জায়গা অবৈধভাবে দখল করে বালু, কাঠ ফার্নিচার, চায়ের দোকান ও সরকারি খাদ্য-গুদামের সামনে বিভিন্ন দোকান বসানো হয়েছে। এর ফলে রাস্তার প্রশস্ততা কমে গিয়ে প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। উপজেলা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালানো হলেও মহাসড়কের জায়গা কেন বেদখলমুক্ত হচ্ছে না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
দুর্ঘটনার পরপরই ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ধনবাড়ী পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসক দিল আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা নিহত স্কুলছাত্রী সাদিয়ার বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। দিল আফরোজ জানান, মহাসড়কের দুই পাশের জায়গা দখলমুক্ত করতে অভিযান চলছে এবং আগামী জুলাই মাস থেকে এই অভিযান আরও জোরদার করা হবে।
রিপোর্টারের নাম 

























