সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট (রুখসা আমল) ইস্যু বা নবায়ন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এ বিষয়ে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে অথবা যারা সৌদি আরবে নতুন প্রবেশ বা চাকরি পরিবর্তনের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তাদের ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদার করা, নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার নিশ্চিত করা এবং সময়মতো আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেক প্রতিষ্ঠান ও কর্মী ইতোমধ্যে ওয়ার্ক পারমিট নবায়ন ও ইস্যুর উদ্যোগ নেওয়ায় এ সুবিধা চলতি বছরের শেষ পর্যন্ত বহাল রাখা হয়েছে। তাই নির্ধারিত সময়সীমার আগেই প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।
সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন না করলে সৌদি শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদিতে কর্মরত বাংলাদেশিদের দ্রুত তাদের নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে ওয়ার্ক পারমিটের অবস্থা যাচাই এবং প্রয়োজনীয় নবায়ন বা ইস্যুর কাজ সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।
রিপোর্টারের নাম 






















