কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচিত ২৫ মামলার আসামি আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার জগন্নাথপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ জুন কুমিল্লার কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে বিরোধের জেরে সশস্ত্র সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম গুরুতর আহত হয়। এই ঘটনায় ইথানের বাবা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
ডিবি পুলিশের তথ্যমতে, ঘটনার পর থেকেই অপু দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে এই ধারাবাহিক অভিযান চালানো হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত অপুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্রসহ মোট ২৫টি মামলা রয়েছে। বর্তমানে আহত শিক্ষার্থী ইথান উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 






















