আগামী বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।
বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এবারই প্রথম সকল সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও, শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশেষ সিসিটিভি মনিটরিং সেল স্থাপন করা হয়েছে, যেখান থেকে বাংলাদেশের যেকোনো প্রান্তের যেকোনো কেন্দ্রের পরীক্ষা পর্যবেক্ষণ করা যাবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে বডি ওর্ন ক্যামেরা থাকবে, যা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কমিয়ে দেবে। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা সম্পন্ন হবে এবং যে দিন পরীক্ষা থাকবে না, সেদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। নকলের জন্য কুখ্যাত বেশ কিছু ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। তবে হাওর, পার্বত্য অঞ্চল এবং দুর্গম চরাঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে কিছু ভেন্যু কেন্দ্র এখনো বিদ্যমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























