প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা-১৫ আসনের নানামুখী সমস্যা নিরসনে একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই আসনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপিও উপস্থিত ছিলেন। এ সময় ডা. শফিকুর রহমান দেশ ও ১৮ কোটি জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
বুধবার আয়োজিত এই মতবিনিময় সভার আগে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুর রহমান মিল্টন নির্বাচনী এলাকার ৪টি ওয়ার্ড পরিদর্শনে অংশ নেন। তারা ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা (১৬ নং ওয়ার্ড), পশ্চিম শেওড়াপাড়া ৩ নং গলি (১৪ নং ওয়ার্ড), পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ সংলগ্ন রাস্তা (১৩ নং ওয়ার্ড) এবং বাইশটেকি সরকার বাড়ি (৪নং ওয়ার্ড) এলাকার বিভিন্ন জনসমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় জনগণ এসময় তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং সরকারি ও বিরোধীদলের নেতারা এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনো দল বা আসনের নন, বরং তিনি সারাদেশের তথা ৩০০ আসনের প্রধানমন্ত্রী। তাই তিনি তার আসনের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতেই অর্পণ করেছেন। সংসদীয় অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে বিষয়টি দেখভালের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ীই তারা ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন। তিনি স্বল্প সময়ের মধ্যেই এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সরকারের উন্নয়ন কাজে স্থানীয় জনগণকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা আরও উল্লেখ করেন, ঢাকা-১৫ আসন নানাবিধ সমস্যায় জর্জরিত। মাত্রাতিরিক্ত খানা-খন্দক, ভঙ্গুর রাস্তা ও রাস্তার মাঝখানে লাইট পোস্ট থাকার কারণে জনজীবন বিপর্যস্ত।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, কাফরুল থানার অফিসার-ইন-চার্জ সাজ্জাদ হোসেন, মিরপুর থানা আমির ও কাফরুল থানা জামায়াতের আমির এবং বিএনপির মহানগর উত্তরের নেতারা।
রিপোর্টারের নাম 




















