ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, অসংখ্য আহত রোগীর চাপে সেখানকার স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলো তাদের সক্ষমতার বাইরে গিয়ে কাজ করছে। এই পরিস্থিতিতে হাম ও ডিপথেরিয়াসহ বিভিন্ন টিকায় প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে।
ডব্লিউএইচও আরও সতর্ক করেছে যে, ভূমিকম্পের ফলে ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকাসহ মশাবাহিত এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে দেশের ৩৮টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। চালু থাকা হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে এবং সংক্রমণ প্রতিরোধব্যবস্থায় বিঘ্ন ঘটায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এই মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে এসেছে। জাপান বিশুদ্ধ পানি ও অস্থায়ী আশ্রয়ের জন্য পানি পরিশোধন যন্ত্র, পানির পাত্র এবং ত্রিপলসহ জরুরি ত্রাণসামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে ৫০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। প্রয়োজনে ভেনেজুয়েলার অনুরোধে উদ্ধারকারী দল পাঠাতেও প্রস্তুত রয়েছে সিউল।
রিপোর্টারের নাম 
























