কুমিল্লার বরুড়ায় “ওরাই আপনজন” সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য দেশীয় ফলের উৎসব ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান। রোববার সন্ধ্যায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মো. জুনাব আলী, স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, চিকিৎসক, প্রকৌশলী, স্কাউট সদস্য এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, পরিবেশ সংরক্ষণে ফলজ গাছের গুরুত্ব এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা নতুন প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশীয় ২৮ প্রজাতির ফল দিয়ে একটি আকর্ষণীয় ফল উৎসবের আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পরে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের মতো এবারও দেশীয় ফলের ঐতিহ্য তুলে ধরা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























