দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চারজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার কামারপাড়া এলাকা থেকে আল আমিন (১৯) নামে এক মাদকসেবীকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই দিনে উপজেলার মুসা শাহার বাজারে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম (৬৪), জাকারিয়া হোসেন (২৬) এবং ভূষণ রায় (২১) কে মাদক সেবনের সময় আটক করা হয়। তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী জানান, সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার করা হবে।
রিপোর্টারের নাম 























