ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো, গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, আহতদের খোঁজখবর নেওয়া ও সম্ভাব্য সহায়তা প্রদান, ফ্যাসিবাদী সরকার ও তার দোসরদের বিচার ত্বরান্বিত করার দাবি, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা। এছাড়াও, গণ-সংযোগ, গণ-জমায়েত ও মিছিল, দেয়ালিকা প্রকাশ ও আন্দোলনের ভিডিও প্রদর্শনী, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান ও রক্তদান কর্মসূচির মতো জনহিতকর কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির বিস্তারিত তথ্য জানানো হয়। এর আগে গত ২৪ জুন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের স্বাক্ষরিত এক সার্কুলারের মাধ্যমে দলের সকল শাখাকে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মসূচির উদ্বোধনী দিনে, ১ জুলাই বাদ আসর, বায়তুল মোকাররম উত্তর গেট থেকে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে, যেখানে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের উপস্থিত থাকবেন। একই দিনে বাদ ফজর ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে উত্তরায় শহীদ জাবের ইব্রাহীমের কবর জিয়ারত এবং বিকাল ৪টায় শহীদ মীর মুগ্ধের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী উপস্থিত থাকবেন। এছাড়াও, মাসব্যাপী সারাদেশে খেলাফত মজলিসের সকল শাখায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























