মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সকল অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৫ জুলাইয়ের মধ্যে তাদের ওয়েবসাইট হালনাগাদ করার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত গুগল ফরমে অধিদপ্তরকে অবহিত করতেও নির্দেশনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয়ের সকল পরিচালক এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল আঞ্চলিক উপ-পরিচালককে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নের অধীন ওয়েবসাইট চালু থাকলেও সেগুলোতে প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে না। এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি বা হালনাগাদকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
এতে আরও উল্লেখ করা হয় যে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক, অফিসগুলোর ওয়েবসাইটের বর্ণিত কন্টেন্টগুলো জরুরি ভিত্তিতে হালনাগাদ করা অত্যন্ত প্রয়োজন।
এমতাবস্থায়, আগামী ৫ জুলাইয়ের মধ্যে অধিদপ্তরের আওতাধীন অফিসগুলো (আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা, থানা) এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করে গুগলফর্ম লিংকে তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























