বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে অবকাঠামোগত সংকটের করুণ চিত্র প্রত্যক্ষ করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ মন্ত্রীকে স্বাগত জানিয়ে আক্ষেপের সঙ্গে বলেন, প্রতিষ্ঠার ১৬ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ে একজন মন্ত্রীকে নিয়ে বসার মতো কোনো অডিটোরিয়াম পর্যন্ত নির্মিত হয়নি। দীর্ঘ দেড় দশকে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে প্রশাসনিক ভবনের নিচতলায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের তীব্র একাডেমিক ভবন সংকট, আবাসন সমস্যা এবং পাকা রাস্তার অভাবসহ জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য দ্রুত বিশেষ প্রকল্প (ডিপিপি) অনুমোদনের দাবি জানান।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্থবিরতা কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ক্যাম্পাস সম্প্রসারণের জন্য প্রয়োজনে নতুন জমি অধিগ্রহণ করা হবে এবং জায়গার সংকুলান না হলে ‘ক্যাম্পাস-২’ স্থাপনের বিষয়টিও বিবেচনাধীন থাকবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংকট নিরসনে দ্রুত মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
রিপোর্টারের নাম 
























