সারাদেশে বর্তমানে কতজন ইমাম ও মুয়াজ্জিন কর্মরত রয়েছেন, তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তবে ২০২০ সালের একটি পরিসংখ্যানের বরাত দিয়ে তিনি জানান, দেশে মসজিদের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ১২৫টি। সেই হিসেবে ইমাম ও মুয়াজ্জিনের সংখ্যা আনুমানিক ৬ লাখ ৬২ হাজার ২৫০ জন হতে পারে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ধর্মমন্ত্রী এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতার আওতায় এ পর্যন্ত ১২ হাজার ৮১০ জনকে আনা হয়েছে। এছাড়া সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩৪২টির নির্মাণকাজ শেষ হয়েছে এবং ১৮৬টির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ২০২৮ সালের জুনের মধ্যে বাকি মসজিদগুলোর নির্মাণ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বর্তমানে সারা দেশে বিস্তৃত করা হয়েছে। পাশাপাশি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চলমান থাকলেও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে এ ধরনের কোনো প্রকল্প না থাকায় তা ব্যাপকভাবে শুরু করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।
রিপোর্টারের নাম 






















