সাধারণ গ্রাহকদের জন্য ব্যক্তিগত ঋণ ও দীর্ঘস্থায়ী ভোগ্যপণ্য কেনার ঋণের পরিশোধের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলো এসব ঋণের মেয়াদ সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত নির্ধারণ করতে পারবে, যা আগে ছিল ৫ বছর। বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি সার্কুলার পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই সংশোধনীতে দেশীয় অটোমোবাইল শিল্পের বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখন থেকে একজন গ্রাহক ব্যক্তিগত গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে পরিবেশবান্ধব ইলেকট্রিক, হাইব্রিড বা দেশে উৎপাদিত গাড়ি কেনার ক্ষেত্রে এই ঋণের সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে। এক্ষেত্রে ব্যাংকগুলো গাড়ির মূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত অর্থায়ন করতে পারবে।
এছাড়া কনজিউমার ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আগের কিছু কঠোর শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে ব্যাংকের সামগ্রিক ঋণ প্রবৃদ্ধির হারের সাথে ব্যক্তিগত ঋণের প্রবৃদ্ধির যে বাধ্যবাধকতা ছিল, তা আর কার্যকর থাকবে না। এতে সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংক থেকে ঋণ সুবিধা পাওয়া আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























