দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগ ও ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায়। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগীয় ও সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটিতেই ৫৯ জন রয়েছেন। এছাড়া চলতি জুন মাসে এখন পর্যন্ত ২ হাজার ৩১৮ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের শুরু থেকে ২৫ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৫১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতা ও মশক নিধন কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 

























