বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে পৌঁছালে তাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি ও হাইকমিশনার এক সৌজন্য বৈঠকে মিলিত হন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার দায়িত্বকাল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও জনকল্যাণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাষ্ট্রপতি এ সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন পরবর্তী নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকারের অংশগ্রহণের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ভারত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। সার্বভৌম সমতা ও জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখে দুই দেশের মধ্যে সম্মানজনক অংশীদারিত্ব বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে সীমান্ত সমস্যাসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যু সমাধানে ইতিবাচক উদ্যোগের ওপর জোর দেওয়া হয়। হাইকমিশনারও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























