চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মসজিদপাড়া এলাকায় বন্ধুদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে রজব আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রজব ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিশান আলী, মেহেদী হাসান ও রজব আলী একে অপরের দীর্ঘদিনের বন্ধু ছিলেন। বুধবার দুপুরে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিশান উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে রজবের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ইসারুল ইসলাম তুষার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার বুকে গভীর ক্ষত চিহ্ন পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























