দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, শিশুবান্ধব ও আধুনিক করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে জাপানের সফল শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতা, কারিকুলাম উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার সচিবালয়ে জাইকা প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এই পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, নতুন কারিকুলামে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নাগরিক শিক্ষা, খেলাধুলা এবং বিজ্ঞান ও গণিত শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। জাপানের মতো শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিজ্ঞান ল্যাবের আদলে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কাঠামো সংস্কারে বাংলাদেশ বর্তমানে থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষা প্রশাসন ব্যবস্থা পর্যবেক্ষণ করছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের কর্মদক্ষতা মূল্যায়ন পদ্ধতি (KPI) চালু করা হবে। বৈঠকে জাইকার প্রতিনিধিরা বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে কারিগরি ও প্রশিক্ষণ সহায়তার আশ্বাস দেন।
রিপোর্টারের নাম 






















